মগবাজার-মৌচাক ফ্লাইওভার সংলগ্ন সড়ক যান চলাচলের উপযোগী করতে নির্মাণ প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া আল্টিমেটাম আজ (বৃহস্পতিবার) শেষ হলেও অবস্থার উন্নতি হয়েছে সামান্যই।
বৃহস্পতিবার (আজ) মন্ত্রী ওবায়দুল কাদের সড়কটি পরিদর্শনে গিয়ে সন্তোষ প্রকাশ করেন বলেন, ২০১৫ সালের জুনের মধ্যে ফ্লাইওভারের মূল ২টি অংশের নির্মাণকাজ শেষ হবে।
উন্নয়নের স্বার্থে সাময়িক ভোগান্তি মেনে নিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।
এ বিষয়টিতে জনগণ একমত হলেও সড়কটি সবসময় চলাচলের উপযোগী রাখার দাবি তাদের।
গত পহেলা সেপ্টেম্বর সড়কটি পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কটি যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিন সময় বেধে দেন। প্রধানমন্ত্রীকে লিখিত অভিযোগ করারও হুমকি দেন তিনি।
মন্ত্রীর আল্টিমেটামের ফলে রাস্তায় ইট বিছিয়ে ঠিক করার চেষ্টা করা হলেও অবস্থার উন্নতি হয়েছে সামান্যই। এ অবস্থাটুকুও কতদিন বজায় থাকবে সে বিষয়েও সংশয় জনগণের।
এদিকে, ফ্লাইওভারের কারণে এমনিতেই রাস্তাটি একেবারেই সংকুচিত হয়ে গেছে। উন্নয়নের স্বার্থে ভোগান্তি স্বীকার করে এ সংকুচিত সড়কে চলাচলের বিষয়টি মেনে নিলেও জনগনের দাবি সড়কটি যেন সবসময় অন্তত চলাচলের উপযোগী থাকে।