যারা অটিজমের শিকার তাদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব ব্যক্তিদের অবহেলা না করে তাদের সার্বিক উন্নয়নে দক্ষিণ-পূর্ব এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে, অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা হোসেন পুতুল।
বৃহস্পতিবার রাজধানীতে বিশ্বস্বাস্থ্য সংস্থার আয়োজনে স্বাস্থ্যমন্ত্রীদের আঞ্চলিক সভায় তারা এসব কথা বলেন।
অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করেন শেখ হাসিনা বলেন, অটিস্টিক ব্যক্তিরা যেন স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগ পায় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অটিজম নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা হোসেন পুতুল।
প্রত্যেক দেশে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অটিস্টিকদের সেবায় সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলেন সায়মা হোসেন পুতুল।
দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও আঞ্চলিক কমিটির সভার তৃতীয় দিনে রাজধানীর একটি হোটেলে অটিজম নিয়ে একটি সভার আয়োজন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।