নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত মে মাসে লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতায় আসা বিজেপি নেতা মোদির সঙ্গে এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।
আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে দুই নেতার এ বৈঠক হবে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন নিশ্চিত করেছেন।
গতকাল-শুক্রবার তিনি বলেন, ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতি চলছে।
আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদি ষষ্ঠ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অষ্টম বক্তা। তাদের বক্তব্য শেষে দুই নেতা বৈঠকে মিলিত হবেন।
আগের বছরগুলোর মতো এবারও শেখ হাসিনা নিউইয়র্কে সংবাদ সম্মেলন করবেন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন-অর রশীদ জানান।
এছাড়া আল জাজিরা, এমএস এনবিসিসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়ার অনুরোধ জানালেও এখনও তার দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোমেন।
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তিনি অবস্থান করবেন।