বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবেলা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় সেনা ব্যবস্থাপনা সেমিনার। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ৪ দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইঞা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির কমান্ডার জেনারেল ভিনসেন্ট কে ব্রুকস।
সেমিনারকে ইন্দো-এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান বার্ষিক ফোরাম— উল্লেখ করে জেনারেল ব্রুকস বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো নির্দিষ্ট এলাকা বা দেশ নেই। এর কোনো নির্দিষ্ট সীমারেখাও নেই।
সন্ত্রাস দমনে সবার ঐক্য প্রয়োজন এমন মন্তব্য করে তিনি আরো বলেন, প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সেনাবাহিনী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ সেমিনার পারস্পরিক সহযোগিতার বিশাল দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় নিরাপত্তা হুমকি মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।
প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩২টি দেশের উর্দ্ধতন সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা এ সেমিনারে অংশ নিয়েছেন।