নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন কিনা--তা তদারকি করতে সিভিল সার্জনদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কর্মসূচির মূল্যায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমস্যা দূর হলেই উপজেলায় থাকা ডাক্তারদের আবার ইউনিয়ন পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
ডাক্তারদের উপস্থিতি তদারকি করার পাশাপাশি তাদের উৎসাহ দিতে সিভিল সার্জনদের প্রতি নির্দেশ দেন মোহাম্মদ নাসিম।
এছাড়া, অনুষ্ঠানে সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জরিপ চালিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইপিআই এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কভারেজ ইভাল্যুয়েশন সার্ভে-২০১৩ নামের এ প্রতিবেদনটি প্রকাশ করে।