একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন করছে জামাত-শিবির।
হরতালে রাজধানীতে সংখ্যায় কম হলেও সড়কগুলোতে রিকশা, অটোরিকশার পাশাপাশি প্রাইভেটকার ও বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া, বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কড়া নজরদারিও রয়েছে।
দ্বিতীয় দফা হরতাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পালন করার কথা রয়েছে জামাতের।
বুধবার রায় ঘোষণার পর জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে আরো জানানো হয়, হরতাল ছাড়াও শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান ও ২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ হবে।
প্রসঙ্গত, বুধবার সকালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজাকার জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ।
আপিল বিভাগের রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো জামাতের এক বিবৃতিতে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়।