নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৯তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কে জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা প্রায় দুই ঘণ্টা দুবাইয়ে যাত্রাবিরতি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং ইউএনজিএর অধিবেশনের ফাঁকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব বা যোগ দেবেন।
ইউএনজিএর এবারের মূল থিম হচ্ছে ‘২০১৫ সাল উত্তর উন্নয়ন এজেন্ডা কার্যকরণ ও বাস্তবায়ন’।
এদিকে, আগামী বছর এমডিজির নির্ধারিত সময়সীমা শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এটিকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পরবর্তী প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। তিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং এক্ষেত্রে অর্জনের কথাও তুলে ধরবেন।
আলী বলেন, সপ্তাহব্যাপী এ সফরকালে প্রধানমন্ত্রী ভারত, নেপাল, চিলি ও বেলারুশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের ৪০তম বছর পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করা যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আরো থাকছেন সংসদ সদস্য,সিনিয়র সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।