চারজন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও অপর একজনের সনদ স্থগিত করা হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে বাতিলের সিদ্ধান্ত হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট ‘স্থগিত’ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সনদ বাতিল না করে স্থগিতের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, তিনি (মোল্লা ওয়াহিদুজ্জামান) মুক্তিযোদ্ধার সনদ নেয়ার জন্য পাঁচটি ধাপের চারটিই শেষ করেছেন। যে ধাপটি শেষ করেননি তা তার দোষ নয়।
মন্ত্রী বলেন, শেষ ধাপ না মেনে সে (মোল্লা ওয়াহিদুজ্জামান) গেজেট প্রকাশ করেছেন, যা এনএসআইয়ের তদন্তেও বেরিয়ে এসেছে। তাই তার সনদ বাতিল না করে স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে মোল্লা ওয়াহিদুজ্জানকে চিঠি দেয়া হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, তাকে শুনানিরও সুযোগ দেয়া হবে।
মোল্লা ওয়াহিদুজ্জামান বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে পালন করছেন।
সনদ বাতিল হওয়া সচিবরা হলেন: জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।
আরো ২৮ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হবে জানান মন্ত্রী।
গত ১৪ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) বৈঠকে চার সচিব ও একজন যুগ্ম-সচিবের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: