রাখাইন সম্প্রদায়ের দখলকৃত ভূমি, উপাসনালয় ও শ্মশান দখলমুক্ত করে ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাখাইনদের অবস্থা সরেজমিনে দেখে আসার পর নাগরিক প্রতিনিধি দল আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
পটুয়াখালী ও বরগুনার রাখাইন জনপদ সরেজমিন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন আবুল মকসুদ বলেন, রাখাইনদের ওপর নির্যাতন বন্ধ করে তাদের মানবাধিকার রক্ষায় সরকারকেই এগিয়ে আসতে হবে।
কয়েক দশক আগেও বৃহত্তর বরিশাল জেলার পটুয়াখালী ও বরগুনার কয়েকটি এলাকায় সংখ্যাগরিষ্ঠ ছিল রাখাইনরা। তবে কালের পরিক্রমায় তাদের জনসংখ্যা বাড়ার পরিবর্তে কমে ১৫ ভাগের এক ভাগে এসে দাঁড়িয়েছে। ভূমি দস্যুদের আগ্রাসনে উপাসনালয়, শ্মশান ও বসতভিটে হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন রাখাইনরা। বর্তমানে নানাভাবে অস্তিত্ব সঙ্কটের মুখোমুখি ক্ষুদ্র এ জাতিসত্ত্বা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণে সরকার এবং শাসক শ্রেণির ভূমিকা গণতান্ত্রিক নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমতলের ক্ষুদ্র জাতিসত্ত্বার ভূমি রক্ষায় পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেইসঙ্গে তাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রতি জেলায় বিশেষ কর্মকর্তা নিয়োগেরও আহ্বান জানান নাগরিক প্রতিনিধি দল।
ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করছেন তারা।