ঈদ উল আজহা ও পূজায় বাড়ি ফেরা মানুষের পথে যানজটের চাপ কমাতে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এ চার দিন পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দেযার কথা বলা হয়েছে।
ছুটির আগে নিয়মানুযায়ী বেতন ও বোনাস পরিশোধের কথাও কারখানা মালিকদের মনে করিয়ে দেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘তৈরি পোশাক কারখানার নেতারা আমাদর প্রতিশ্রুতি দিয়েছেন যে, এবার ঈদ ও পূজায় বেতন, বোনাস ও ছুটির জন্য কোনো ঝামেলা হবে না।’
তিনি বলেন, পর্যায়ক্রমে ছুটি দিলে পথে যানজটের চাপ অনেকাংশে কমে যাবে বলে আশরা করছি।
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও এ বৈঠকে অংশ নেন।
মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের এ দুটি বড় উৎসব ঘিরে ছুটিতে সাধারণ মানুষের বাড়ি ফেরা নিরাপদ করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদে বাড়ি ফিরতে একটু ভিড় হয়। তবে তা সহনীয় হবে বলে আশা করছি।
পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।