আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শিল্প নির্ভর মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ার সহায়তা করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের ৪র্থ দিন বৃহস্পতিবার নিউইয়র্কের গ্রান্ড হায়াৎ হোটেলে আমেরিকান চেম্বার ও আমেরিকান বিজনেস কাউন্সিল আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি-টিকফা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যের নতুন যুগের সূচনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলে দু’দেশের ব্যবসায়ীরাই লাভবান হবে।
এতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শিল্পনির্ভর মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে সহায়তা করতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে মার্কিন বিনিয়োগ বহুলাংশে বেড়ে যায়। বাংলাদেশে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ৩৩১ মিলিয়ন ডলারে পোঁছালেও তা সক্ষমতার তুলনায় অনেক কম বলেও জানান শেখ হাসিনা।
এ সময় মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি-টিকফা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যের নতুন যুগের সূচনা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলে দুদেশের ব্যবসায়ীরাই লাভবান হবেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে কমনওয়েলথ দেশগুলোর সংগঠন সিএইচ ও জিএমের সংস্কার বিষয়ক আলোচনায় সভায় যোগ দেন।
এর আগে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ মহাসচিবের শিক্ষা উদ্যোগের উচ্চপর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এতে সমরাস্ত্রে নয়, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে ধনী দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।