প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ (৮৪) আর নেই। শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিটে আয়েশা ফয়েজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কিডনি জটিলতা নিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আয়েশা ফয়েজ।
কিডনি বিশেষজ্ঞ প্রফেসর রফিকুল আলম ও বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার।
আয়েশা ফয়েজের লেখা আত্মজীবনী মূলক বই 'জীবন যে রকম'
মৃত্যুশয্যায় আয়েশা ফয়েজের পাশে ছিলেন মেজ ছেলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব।
আয়েশা ফয়েজের বড় ছেলে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রয়াতের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা ফয়েজের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে পল্লবীর নিজ বাড়িতে। জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নেত্রকোণার মোহনগঞ্জে। সেখানে মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।
১৯৩০ সালের ২৩ মার্চ আয়েশা ফয়েজ জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে তার স্বামী ফয়জুর রহমান শহীদ হন । তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবীবের মা। তার নিজের লেখা একটি বইও রয়েছে।