যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশি হত্যার বিচার দাবি করে— প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সভ্য দেশ আমেরিকা, যারা সভ্যতার মাপকাঠি মাপে, এতো কিছু করে আর একটা মৃত্যু হলে তারা অনেক কথা আমাদের জিজ্ঞেস করে।
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে এক ‘সার্বজনীন নাগরিক সংবর্ধনায়’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে নাজমুল ইসলাম ও বেলাল তালুকদার নামে দুই প্রবাসীর হত্যার বিচার চেয়ে শেখ হাসিনা বলেন, আমেরিকার সরকারের কাছে আমার প্রশ্ন, একজন বাঙালি— এভাবে সভ্য দেশের রাস্তায় কীভাবে অকাল মৃত্যু হয়। এর বিচার আমরা চাই।
গত ৯ জুলাই গভীর রাতে নিউইয়র্ক সিটির আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় মাথায় ও মুখে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় নজমুলকে (৫৫)।
আর, ২০১২ সালের আগস্টে কানেটিকাট রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন।
বেলাল হত্যা মামলার রায়ে গত ১৩ আগস্ট কেজলিন মেন্ডেজ নামের এক আসামিকে ৫৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪০ বছর উদযাপন উপলক্ষে নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এই সংবর্ধনায় শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।
বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল— এর ‘খেসারত’ বিএনপিকে দিতে হচ্ছে আর এ কারণেই বিএনপি নেতারা এখন ‘আবোল-তাবোল’ কথা বলেছেন –জানান তিনি।
বিএনপিকে ‘জঙ্গিবাদী, খুনি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংগঠন’ আখ্যায়িত করে শেখ হাসিনা।
আর দলটি ক্ষমতায় না আসায় দেশের মানুষ বেঁচে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুই-একটা হরতাল’ দিয়ে এ বিচার বন্ধ করা যাবে না।
মানবতাবিরোধী অপরাধ যারা করেছে-তাদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশে হবে। এটা কেউ ঠেকাতে পারবে না।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই চেষ্টা করেছেন আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ প্রমাণ করতে। কিন্তু অন্যায় না করে তার দায় সরকার নেবে না বলে জানান তিনি।
ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরই ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট শুরুর কথা বললেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেড-১ এ উন্নীত না হওয়ায় বিষয়টি আটকে আছে বলে জানা গেছে।
শেখ হাসিনা তার বক্তৃতায় গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নেয়া ‘পল্লীর জনপথ’ প্রকল্প এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে নেয়া বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন।
এর আগে প্রধানমন্ত্রী ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বের খুব কম দেশই এতো কম সময়ে এতো উন্নয়ন করেছে।
কোনো ‘ষড়যন্ত্র করে’ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় নেতারা ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি অনুষ্ঠানে বক্তব্য দেন।