সড়ক দখল করে কোরবানীর পশুর হাট বন্ধ ও ঈদ পরবর্তী ৩ দিনে চামড়া পাচার রোধে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন কমিশনার বেনজির আহমেদ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এবার পূজা ও ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এই দুই উৎসবের সময় ঢাকা অনেকটা ফাঁকা হয়ে যাওয়ায় তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সব শাখা। সড়ক দখল করে কোরবানীর পশুর হাট ও ঘরমুখো মানুষকে অজ্ঞানপার্টির কবল মুক্ত রাখতে থাকবে বিশেষ অভিযান।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা ও মুসলমানদের ঈদুল আযহা- এ উৎসব দুটি পরপর হওয়ায় এবার ঢাকা মহানগর পুলিশ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নগরীর ২১৯টি মন্দিরে পূজা উদযাপন ও প্রতিমা বির্সজন এবং কোরবানিরর পশুর হাট ও ঈদের জামাতে নামায আদায়ে নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে তৎপর।
বেনজির আহমেদ বলেন, ‘দূর্গা পূজা ও পরবর্তী ঈদ উল আযহাকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’
যারা এই উৎসব উদযাপনে ঢাকা ছাড়ছে তাদের জন্য অজ্ঞানপার্টি-কালোবাজারিদের কবল মুক্ত রাখতে থাকবে বিশেষ অভিযান বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘অজ্ঞানপার্টির অপতত্পরতা কোনোভাবেই বরদাশত করা যাবে না। সর্বশক্তি নিয়োগ করে আমরা তাদের দমন করবো।’
তিনি আরো বলেন, ‘ঢাকায় যে ২১টি হাট এ পর্যন্ত সিটি করপোরেশনের অনুমোদনে বসবে স্থায়ী ও অস্থায়ী হাট। এর বাইরে কোথায় কোনো হাট আমরা বসতে দিব না। ঈদ পরবর্তী তিন দিন কোনো চামড়া বহনকারী ট্রাক ঢাকা থেকে বের হতে পারবে না এর সঙ্গে ঢাকায় ট্রাক ঢুকতে পারবে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়া এই দুই বড় উৎসবকে কেন্দ্র করে ফাঁকা থাকা ঢাকার নিরাপত্তায় তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সব শাখা বলেও জানা তিনি।