রাজধানীতে কোরবানীর পশুরহাট আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে—জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মাসুদুর রহমান। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এবার ঈদে রাজধানীর কোনো সড়কেই হাট বসতে দেয়া হবে—এ কথা উল্লেখ করে মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে কঠোর অবস্থানে থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন, ডিএমপি ও হাট ইজারাদারদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ সেপ্টেম্বর রাতে কোরবানির পশুবাহী ট্রাক রাজধানীতে প্রবেশ করবে।
ডিএমপির এ সিদ্ধান্তের কথা জানা না থাকার কারণেই সময়ের আগেই অনেক বেপারীরা হাটে পশু এনেছেন বলে জানান তারা।
এ সময় ঢাকার ২ সিটি করপোরেশন নির্ধারিত জায়গা প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় সড়কের ওপর হাট বসাতে বাধ্য হচ্ছেন বলে জানান ইজারাদাররা।
বরাবরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে গাবতলীর স্থায়ী হাট ছাড়া, ২০টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবে রাস্তায় হাট বসানোর কারণে এবার বাবুবাজার, তালতলা ও তেজগাঁও এ কোনো হাটের অনুমতি দেয়া হয়নি।
এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে গিয়ে দেখা গেছে, সরকারি নিষেধাজ্ঞা থাকলেও এডিবি ব্যাংক সংলগ্ন মাঠ, সমবায় মাঠ, বিএনপি বস্তি মাঠ মিলে গড়ে ওঠা পশুর হাটের কোথাও নিয়ম মানছেন না ইজারাদাররা। জায়গা সংকুলানের কারণেই সড়কে হাট বসাতে বাধ্য হচ্ছেন বলেও দাবি তাদের।