আজ পবিত্র হজ, বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় এ ধর্মীয় অনুষ্ঠান পালনে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। লাখ লাখ মুসল্লির কণ্ঠে ধ্বনিত হচ্ছে- লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক।
শুক্রবার হজের মূল আনুষ্ঠানিকতার জন্য মিনায় রাত্রিযাপন শেষে ভোর থেকে তারা আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন। জোহরের নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বয়ান ও খুতবা পাঠ করবেন কাবা শরীফের গ্র্যান্ড মুফতি।
এরপর জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। সূর্যাস্তের পর পাঁচ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন সবাই। সেখানেই শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা।
পরদিন ভোরে ফজর নামাজ পড়ে আবার মিনায় ফেরার পালা। সেখানে শয়তানকে ৩ দফায় ২১টি পাথর মেরে কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন হাজিরা।
এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরব গেছেন।