হজ ও তাবলিগ জামাত নিয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে সরকার নয়, তিনি নিজেই বেকায়দায় পড়েছেন—তাকে মন্ত্রীসভা থেকে বিদায় নিতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কেউ যদি অবিবেচকের মতো কথা বলে সেটাও গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
লতিফ সিদ্দিকীর অব্যাহতির বিষয়ে শেখ হাসিনা বলেন, মন্ত্রী হিসেবে নিয়োগ ও বাতিল করার একটি নিয়ম রয়েছে। আবদুল লতিফ সিদ্দিকীর অব্যাহতির ক্ষেত্রেও সেসব নিয়ম মেনেই ব্যবস্থা নেয়া হবে। আমরা তাকে মন্ত্রিসভা থেকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতি অব্যাহতি সংক্রান্ত ফাইলে সই করলেই তা কার্যকর হবে।
ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষ খুনের আন্দোলন শুরু করলে সরকার নয় বরং দেশবাসী তাদের প্রতিহত করবে।
বিএনপি ও এর জোটের সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি আরো বলেন, আমরা যখন আগ্রহ দেখালাম তখন কোনো খবর ছিল না। এখন কার সঙ্গে আলোচনা করবো?
জাতিসংঘে বাংলাদেশের আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে— এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেয়া বিশ্ব নেতারা। একইসঙ্গে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসাও করেছেন তারা।
বিনিয়োগবান্ধব দেশ গড়তে উন্নত দেশগুলো বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং তা কার্যকরের পদক্ষেপ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী।
২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ এবং জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেন শেখ হাসিনা।
এছাড়া, জাতিসংঘ মহাসচিব বান-কি-মুন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করেন তিনি।
ব্যস্ততম যুক্তরাষ্ট্র সফর শেষে ২৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।
যুক্তরাজ্যে দু’দিনের ব্যক্তিগত সফর শেষে ১ অক্টোবর বুধবার লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেন প্রধানমন্ত্রী। ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।