যানজট ও রাস্তাঘাট নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট তবে পুরোপুরি খুশি হতে পেরেছি—একথা বলার উপায় নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেশিরভাগ জায়গায় মানুষ স্বস্তি পেয়েছে, শুধু চন্দ্রাতে দুর্ভোগ হয়েছে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী।
তিনি আরো বলেন, ঈদ ও পূজা একসঙ্গে হওয়ায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই চলে গেছে পূজার দায়িত্ব পালন করতে, কেউ গেছেন কোরবানির পশুর হাটে এবং কিছু সদস্য আছেন রাস্তায়। তারপরও যে সমস্যা হওয়ার কথা ছিল সে রকম হয়নি।
মন্ত্রী বলেন, ঈদ ও পূজা উপলক্ষে যারা বাড়িতে যাবেন তাদের বেশির ভাগই চলে গেছেন। আজ (শনিবার) ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুরসহ দেশের কোথাও কোনো ঝামেলা হয়নি।
তিনি বলেন, সকালের দিকে চন্দ্রা এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। ১০ মিনিটের মধ্যে রেকার এসে সমস্যার সমাধান করেছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন প্রকল্পের কর্মকর্তা গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ছিলেন।