মৎসসম্পদ বিশেষ করে ইলিশ মাছ রক্ষা ও মা ইলিশের নির্বিঘ্নে ডিম পাড়ার জন্য ৩ অক্টোবর থেকে ১১ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। তবে জেলেদের জন্য সহায়তার ব্যবস্থা না করেই মাছ ধরা নিষিদ্ধ করায় বিপাকে পড়েছে ভোলা ও চাদঁপুরের লক্ষাধিক জেলে।
পরিবার নিয়ে ঈদের আনন্দ তো দূরের কথা দুমোঠো খেয়ে বেঁচে থাকাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্র মতে, চাঁদপুরের উত্তর মতলব ও হাইমচরের চর ভৈরবী পর্যন্ত ৬০কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসময় বাজারে কোনো প্রকার ইলিশ বেচাকেনা কিংবা মজুদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, পূর্ণিমায় ভরা প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞাকালে ইলিশ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও মজুদ সরকারি নির্দেশে নিষিদ্ধ করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
এতে করে লক্ষাধিক জেলে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
তবে জেলেদের জন্য সাহায্যের আশ্বাস দিয়েছেন চাদঁপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান।
এদিকে, ভোলায় এখন মাছ ধরার ভরা মৌসুম। ভরা মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করা চরম বিপাকে পড়েছেন জেলেরা।