ঈদের পর প্রথম কর্মদিবসে ঢাকামুখী মানুষের ভিড় খুব একটা নেই। যারা ফিরছেন, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারায় তাদের চোখেমুখে খুশির ঝিলিক। তারা বলেন, নাড়ির টানে বাড়ি যাওয়ার পর, জীবিকার তাগিদে এ ফিরে আসা।
ট্রেনে কিছুটা ভিড় থাকলেও বাস ও লঞ্চগুলোতে ফিরে আসা যাত্রীদের চাপ এখনো তীব্র নয়। নির্বিঘ্নেই ফিরছেন মানুষজন। প্রথম কর্মদিবসে অফিস-আদালতে উপস্থিতি কম, এখনো ঈদের আমেজ, শুভেচ্ছা বিনিময় করেই কাটছে সময়।
এদিকে, ঈদের পরে এখনো ঢাকা ছাড়ছে মানুষ। সুমন হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন বিকাশ বিশ্বাস।
শেষ হয়েছে ঈদ ও পূজার ছুটি, কিন্তু কাটেনি উৎসবের আমেজ। মানুষজন এখনও তেমনভাবে ফিরতে শুরু করেনি ঢাকায়। যারা ফিরেছেন তারা বলছেন ইচ্ছে না থাকলেও জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে ফিরতে হয়েছে রাজধানীতে।
মহাখালী, সায়েদাবাদ এবং গাবতলীর বাস টার্মিনালে যাত্রীদের চাপ খুব একটা নেই। নির্বিঘ্নেই ফিরছেন সকলে।
কমলাপুর রেলষ্টেশনের চিত্র কিছুটা ভিন্ন। যাত্রীদের ভিড় রয়েছে স্টেশনে। তবে, ঢাকায় ফিরে আসা যাত্রীদের পাশাপাশি রয়েছে বাড়ি ফেরা যাত্রীরও চাপ।
রাস্তা ফাঁকা পাওয়া যাবে এ আশায় ঢাকায় ফিরছেন কর্মজীবি মানুষের পরিবারের সদস্যরাও। খুশির ছাপ রয়েছে সবার চোখে মুখেই।
সকাল থেকে যেসব লঞ্চ ঢাকা এসেছে তাতে যাত্রীদের ভিড় কম। যারা ঢাকা ফিরেছেন তারা সবাই খুশি, খুশি প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পেরে, আর ঝক্কিঝামেলা ছাড়াই ফিরতে পেরে।