পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রীত্বের পর এবার দলের সভাপতিমণ্ডলীর পদ এমনকি সাধারণ সদস্য পদও হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী। এরইমধ্যে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
রোববার দলের কার্যনির্বাহী সংসদের সভায় সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
এদিকে, পবিত্র হজ পালন শেষে শুক্রবার রাতে দেশে ফিরছেন রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব। অচিরেই মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর অপসারণের প্রক্রিয়া চূড়ান্ত হবে।
গত ২৮ সেপ্টেম্বর পবিত্র হজ, তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে এরইমধ্যে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব তার অপসারণের চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা কার্যকর হবে। হজ্ব পালন শেষে রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব দেশে ফিরলেই বিষয়টি নিষ্পত্তি হবে।
এবার লতিফ সিদ্দিকীকে দল থেকে বাদ দেয়ার পালা। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। রোববার সন্ধ্যায় বসছে দলের কার্যনির্বাহী সংসদের সভা। যাতে প্রাধান্য পাবে আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়টি।
দলের নেতারা বলছেন, কারো ব্যক্তিগত অভিমতের দায় আওয়ামী লীগ নেবে না। লতিফ সিদ্দিকীর বিষয়ে এমন সিদ্ধান্তের মাধ্যমে দলের সবার জন্য সতর্ক বার্তা পাঠাচ্ছেন দলীয় সভানেত্রী বলেও জানান তারা।