ঈদে বাড়ি যাওয়া মানুষের অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই হয়ে আসছে বাস-ট্রেন আর লঞ্চগুলো। তবে নৌ-পথে স্বস্তিতে ফিরতে পারলেও বাস আর ট্রেনে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
সাপ্তাহিক ছুটি কাটিয়ে রোববার কর্মস্থলে যোগ দিতে ঢাকা ফিরতে শুরু করেছে অনেকেই। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন লঞ্চ আসতে শুরু করেছে।
ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
এছাড়া, কয়েকদিন আগে থেকেই সড়কপথে ঢাকা ফিরতে শুরু করায় রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। রাস্তার বেহাল দশা আর যানজটের কারণে বাসগুলো প্রায় ৬ ঘণ্টা দেরিতে রাজধানীতে পৌছায়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
এদিকে, নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে রেল স্টেশনে পৌঁছায় ট্রেনগুলো।
যাত্রীদের চাপ বেশি থাকায় শিডিউল বিপর্যয় ঘটছে বলে জানিয়ে কমলাপুর রেল ষ্টেশন ম্যানেজার মো. খায়রুল বশীর বলেন, যাত্রীদের ভোগান্তি দূর করতে ৩টি স্পেশাল ট্রেনে বিশেষ সেবা দেয়া হয়েছে। শিডিউল বিপর্যয় ঘটলেও, ফেরার পথে যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্য সব ব্যবস্থাই নেয়া হয়েছে।