রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাক্ষরের পরেই মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর অপসারণের প্রজ্ঞাপন জারি করা হবে-- জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
শনিবার মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ বলেন।
মন্ত্রিসভা থেকে আবদুল লতিফ সিদ্দিকীর অপসারণের প্রজ্ঞাপন জারির সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে (লতিফ সিদ্দিকীর অপসারণ) একটি ফাইল আসবে। আমরা একটি সামারি তৈরি করে তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠাব। রাষ্ট্রপতি তাতে স্বাক্ষরের পর প্রজ্ঞাপন জারি করা হবে।’
কবে নাগাদ প্রজ্ঞাপন জারি করা হবে—তা জানতে চাইলে মোশাররাফ হোসাইন বলেন, ‘এর চেয়ে অনেক বড় বড় কাজ আমরা কম সময়ে করেছি। রাষ্ট্রপতি সাইন করলেই প্রজ্ঞাপন জারি করা হবে।’
গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।’
তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও টক শোর আলোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার নিজ দল আওয়ামী লীগ থেকে শুরু করে দেশে-বিদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়।