এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরাম (আসেম) ১০ম সম্মেলনে যোগ দিতে বুধবার চার দিনের সরকারি সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আসেমের এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এশিয়া ও ইউরোপের প্রায় ৪৯টি দেশের নেতারা অংশ নিচ্ছেন। ইতালির বাণিজ্যিক নগরী মিলানে ১৬ ও ১৭ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুই দিনের এ সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হারমান রমপুই। এবারের প্রতিপাদ্য ‘রেসপনসিবল পার্টনারশিপ ফর গ্রোথ অ্যান্ড সিকিউরিটি’।
আসেমের বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
মূলত বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই এ বৈঠকগুলো হবে। ১৮ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।