বহুল প্রত্যাশিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী সরকার— কারণ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ইস্যু সমাধানে অঙ্গীকারাবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে দু’দিনব্যাপী অস্ট্রেলিয়ার মোনাস সাসটেইন অ্যাযাবিলিটি ইনস্টিটিউট (এমএসআই) অস্ট্রেলিয়ান এআইডির সহায়তায় ‘ডেভেলপিং রিজিওনাল কোলাবোরেশন ইন রিভার বেসিন ম্যানেজমেন্ট ইন রেসপন্স টু ক্লাইমেট চেঞ্জ: দি তিস্তা রিভার বেসিন’ কর্মশালায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী চুক্তি করতে সম্মত হয়েছিলেন এবং সরকার বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বাংলাদেশের বিশ্বাস ভারত অঙ্গীকার পূরণ করবে।
আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা দারিদ্র্য নিরসনে বাংলাদেশকে সহায়তা করবে— মন্তব্য করে আনিসুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের জনগণের জন্য নদীর অর্থ হলো অস্তিত্বের ব্যাপার।
নদী রক্ষায় বাংলাদেশের জনগণকে সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে বলেও জানান তিনি। সূত্র: বাসস