বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় দেশে অবাধে দুর্নীতি, অর্থপাচার, সন্ত্রাসবাদ ও বাংলাভাইদের মতো জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইতালির মিলানে এক হোটেলে আওয়ামী লীগ ইতালি ইউনিট আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, তারা মানুষ হত্যা, আস-ট্রেনে আগুন, পবিত্র কোরআন পোড়ানো এবং মসজিদে হামলাসহ দেশে অরাজকতা তৈরি করেছিল।
শেখ হাসিনা বলেন, সকল প্রকার সন্ত্রাস, সহিংসতা ও চরমপন্থার ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার বদ্ধ। এ ধরনের সমস্যা বিশ্ব শান্তি ও প্রবৃদ্ধির পথে প্রধান অন্তরায়।
বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার সকল প্রকার সন্ত্রাস ও সহিংসতার নিন্দা করে আসছে।
এ সময় গত বছর বাংলাদেশের অগ্রগতি ও ধর্মনিরপেক্ষ নীতি ধ্বংস করতে সন্ত্রাসী ও চরমপন্থী গ্রুপগুলোর বর্বর কর্মকাণ্ড তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা গ্রুপকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।
বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কৌশল প্রণয়ন করতে জাতিসংঘের প্রতিও আহ্বান জানান বাংলাদেশের প্রধানমনন্ত্রী।
সম্প্রতি গাজায় ফিলিস্তিনীদের ওপর ইসরাইলী নৃশংসতার উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারো এ গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হত্যাকা- কিছুতেই গ্রহণযোগ্য নয়।
এছাড়া, কম কার্বন নির্গমন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন দেশগুলোর পক্ষ থেকে ব্যাপক হারে কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতি তাদের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার পূরণেরও আহ্বান জানান শেখ হাসিনা।