ইসলাম ও মহানবী কে নিয়ে কটুক্তি করায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিল, দেশে ফিরলে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশসহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশের কথা থাকলে অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হয় সংগঠনটির কর্মীরা। সেখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ আইওয়াশ ছাড়া কিছু না। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া না হলে তীব্র আন্দোলন করা হবে বলে জানানো হয় সংঘটনটির পক্ষ থেকে।