গোলাম আজমের মৃত্যুর খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাত দেড়টার দিকে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের একাংশসহ বিভিন্ন সংগঠন মিছিল বের করে।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে রাজাকার শিরোমনি গোলাম আজমের মরদেহ বাংলাদেশের মাটিতে দাফন না করার জোর দাবি জানানো হয়।
এ সময় গোলাম আজমের শেষ ইচ্ছার কথা বলে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে জানাজায় ইমামতি করানোর তীব্র বিরোধীতা করে শিক্ষার্থীরা।
এদিকে, টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সংগঠন ছাড়াও গণজাগরণ মঞ্চের একাংশও মিছিল ও সমাবেশে অংশ নেয়। এ সময় গোলাম আজমের মৃত্যুর ঘটনা নিয়েও জামাত নাটক করছে বলে দাবি করা হয় সমাবেশে।
এছাড়া, রাজাকার গোলাম আজমকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাফন না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সদর উপজেলার ডাক বাংলো থেকে জেলা ১৪ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, কোনোভাবেই নবীনগরের মাটিতে রাজাকার গোলাম আজমকে দাফন করতে দেয়া হবে না। গোলাম আজমের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হলে তা প্রতিহতেরও ঘোষণা দেন তারা।
গোলাম আজমের বাড়ি জেলার নবীনগর উপজেলার পীরগাঁও গ্রামে। তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে এমন খবর ছড়িয়ে পড়লে এ কর্মসূচির আয়োজন করা হয়।