তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সম্পর্ক আরো জোরদার এবং দেশটিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিন দিনের এক সরকারি সফরে আবুধাবির উদ্দেশে কাল- শনিবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সাড়ে ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় (ইউএই সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের এ দ্বিপাক্ষিক সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ অক্টোবর আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশি কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।
আগামী ২৭ অক্টোবর তিনি ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে দুবাই যাবেন।
এ বৈঠকের পর প্রধানমন্ত্রী রাস আল-খাইমাহ’র (আরএকে) শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠকের জন্য সেখানে যাবেন। বৈঠকের আগে তিনি আরএকে শাসকের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
সেখান থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বদেশগামী ভিভিআইপি ফ্লাইট ধরতে আবারো দুবাইয়ে আসবেন। ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রওনা হয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে ধারনা করা যাচ্ছে।
সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএইর মধ্যে বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
দুদেশের মধ্যে ফরেন অফিস কনসাল্টেশন সমঝোতা স্মারক, ঊচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক সমঝোতা স্মারক, জনশক্তি রপ্তানি পুনরায় চালু করতে ইউএইর একটি আউটসোর্সিং কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক এবং দণ্ডপ্রাপ্তদের বিনিময়, বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রাসরণ, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউএইর আল নাহিয়ান ফাউন্ডেশন কর্তৃক একটি হাসপাতাল স্থাপন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত গমনাগমন ও ইউএই দূতাবাসের জন্য ঢাকায় এক খণ্ড জমি হস্তান্তর চুক্তিসহ বেশ কয়েকটি দলিল স্বাক্ষরিত হবে।
এদিকে, অপরাধ নিয়ন্ত্রণে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশে পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী দেশ হল সংযুক্ত আরব আমিরাত। এদেশের টেলিযোগাযোগ, ব্যাংকিং,সিরামিক এবং রাসায়নিক ও বস্ত্র খাতে ইউএইর মোট ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে।
২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে ২৪ কোটি ৫০ লাখ ডলার মূল্যের পণ্যসামগ্রী রপ্তানি এবং সেদেশ থেকে ৮৪ কোটি ৩০ লাখ ডলার মূল্যের সামগ্রী আমদানি করেছে। ইউএইতে বাংলাদেশের রপ্তানির ৭৮% আসে তৈরি পোশাক খাত থেকে।