গোলাম আযম মারা যাওয়ায় তার মামলাটি অকার্যকর হয়ে যাবে— জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিষয়টি আপিল বিভাগের গোচরে আসলেই একটি আদেশের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হবে। যত দ্রুত সম্ভব এটি করা হবে। শুক্রবার দেশ টিভিকে এ কথা বলেন তিনি।
যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছর দণ্ডের বিরুদ্ধে বেকসুর খালাস চেয়ে ২০১৩ সালের ৫ আগস্ট সুপ্রিম কোর্টে আপিল করেন রাজাকার শিরোমণি গোলাম আযম। এক সপ্তাহের মাথায় সে বছরেরই ১২ আগস্ট তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আগামী ২ ডিসেম্বর এ আপিল দুটির শুনানি হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার রাতে মারা যান গোলাম আযম। এর ফলে মামলাটি অকার্যকর হয়ে পড়ল। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম জানিয়েছেন, আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের গোচরে বিষয়টি আসলে তার নিষ্পত্তি ঘটবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এতে কোনো নির্দিষ্ট সময় না থাকলেও অচিরেই প্রক্রিয়াটি শেষ করা হবে যেভাবে যুদ্ধাপরাধী আব্দুল আলিমের মৃত্যুতে তার মামলার কার্যক্রমের সমাপ্তি ঘটেছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছর ১৫ জুলাই এক রায়ে মানবতাবিরোধী অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির পরিবর্তে ‘বয়স ও স্বাস্থ্য বিবেচনায়’ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয়।