মুক্তিযুদ্ধে সময় মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত রাজাকার গোলাম আযমের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার দাফন ও জানাযা সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বাড়তি নিরাপত্তা বহাল থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
শুক্রবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নজরদারির আওতায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃস্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার শিবলি নোমান।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ড পাওয়া রাজাকার শিরোমণি, জামাত নেতা গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতির খবর বুধবার ছড়িয়ে পড়ার পরপরই নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া সারাদেশে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়।
দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সতর্কাবস্থায় রাখার পাশাপাশি মোতায়েন করা হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলে জানান তিনি।
গোলাম আযমের দাফন ও জানাযা সম্পন্ন না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছে ডিএমপি। কেউ আইনপরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ।