ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে তার নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর জনগণ শনিবার সংবর্ধনা জানিয়েছেন।
সংবর্ধনায় তিনি বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বের ১৬৬টি জাতীয় সংসদের ৪৫ হাজার সদস্যকে নেতৃত্ব দিচ্ছে। এ গৌরব সারা বাংলাদেশের।সুইজারল্যান্ডের পাশাপাশি বাংলাদেশেও আইপিইউর দপ্তর স্থাপন করা হবে।
২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক ৮টি নির্বাচনে অংশ নিয়ে প্রতিটিতেই বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুইজারল্যান্ডে আইপিইউ এর সদর দপ্তর থাকলেও বাংলাদেশে একটি দপ্তর স্থাপন করা হবে।
২০১৭ সালে বাংলাদেশে আইপিউর সম্মেলন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সাবের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবের হোসেন চৌধুরীকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।