মানবতাবিরোধী অপরাধের মামলার জামাত নেতা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে দেশে কোনো রকম অরাজকতা সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করা হবে জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রায়ে জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণা কেন্দ্র করে জামাত-শিবির এর আগে দেশজুড়ে সহিংস তাণ্ডব চালিয়েছে। রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর জামাত-শিবিরের সহিংস তাণ্ডবে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে।
আলবদর বাহিনী প্রধান, জামাতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায়ের পর এমন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে এবার সরকার সতর্ক রয়েছে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে জামাত-শিবির সহিংসতা চালালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে তা দমন করবে।
গত ২ অক্টোবর ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তবে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানালে এ বিষয়ে তৎপরতা বাড়ানো সহজ হবে।
সাবেক ডাক ও টেলিযোগাযোগ-তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।