নিজামীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়েছে গজাগরণ মঞ্চ। এ রায়ের পর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বুধবার বিজয় মিছিল বের করেন মঞ্চের কর্মীরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণজাগরণ মঞ্চ।
এদিকে, জামাতের ডাকা হরতাল প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষকে আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের সংগঠক ও কর্মীরা। এসময় তারা নিজামীর সবোর্চ্চ সাজার দাবিতে মিছিল ও স্লোগান দিতে থাকেন।
রায় ঘোষণার পরপরই প্রজন্ম চত্বরে আনন্দের বন্যা বয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, দ্রুত এ রায় কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানান।
পরে প্রজন্ম চত্বর থেকে বিজয় মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি টিএসসি হয়ে প্রজন্ম চত্বরে এসে শেষ হয়। রায়ে সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকর হবে কি না সেব্যাপারে কেউ কেউ সংশয় প্রকাশ করেন।
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিজয় মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি শাহবাগ হয়ে টিএসসি গিয়ে শেষ হয়।
এদিকে, জামাতের ডাকা হরতাল প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষকে আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। বিকেলে প্রজন্ম চত্বরে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা জানান ইমরান এইচ সরকার।