সাভারের রানা প্লাজা ধস ও আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত স্বজনদের আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রানা প্লাজা ধসে নিহত ২২ জন আর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ১২ জনের স্বজনের কাছে এ চেক হস্তান্তর করা হয়।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা ১২ জনের স্বজনদের প্রত্যেকের হাতে ৭ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া, রানা প্লাজা ধসে নিহত ২২ জনের পরিবারের স্বজনদের হাতে দুই লাখ থেকে ১০ লাখ টাকার চেক ও সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।
নিহতদের মা, স্ত্রী, সন্তানদের হাতে আলাদা আলাদা করে অর্থের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ দুটি দুর্ঘটনায় নিহতদের ১৬ জন ছেলে শিশুকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে ওল্ড রাজশাহী ক্যাডেট ক্লাব আর ২১ জন মেয়ে শিশুর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলাম।
এছাড়াও ২৫০ জন শিশুকেও এভাবে ভরণ পোষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এজন্য স্বজনদের বিজিএমইএ'র সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেয়া হয়েছে।