আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে রায় ষোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। জাতিকে কলঙ্কমুক্ত করার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এ রায়কে কেন্দ্র করে কেউ কোনো ধরণের নাশকতার চেষ্টা করলে সরকার কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ার করে দেন তারা।
পরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
এছাড়া, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার নিজ এলাকা পাবনার মানুষ। রায় ঘোষণার পরই মিষ্টি খেয়ে, মিছিল করে আনন্দ প্রকাশ করেন তারা। পাশাপাশি রায়ের দ্রুত বাস্তবায়নও চান তারা। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে দেশের অন্যান্য জায়গায়ও।
দীর্ঘ ৪৩ বছর পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর ফাঁসির রায় ঘোষণার পরই স্বস্তি প্রকাশ করেন মুক্তিযোদ্ধাসহ পাবনার সর্বস্তরের মানুষ। নিজামীর ফাঁসির আদেশ হওয়ায় তার নিজ এলাকা সাঁথিয়ার ধুলাউড়ি গ্রাম কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় জনগণ।
পরে পাবনা জেলা আওয়ামী লীগ অফিস থেকে আনন্দ মিছিল বের হয়। একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করে পাবনাবাসী। সেইসঙ্গে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা।
এদিকে, নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রামেও আনন্দ মিছিল হয়েছে। স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীরা এ মিছিল বের করে। পরে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
গণজাগরণ মঞ্চের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে সিলেটেও।
বরিশাল, কুড়িগ্রাম, গাজীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, যশোর এবং টাঙ্গাইলেও রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে ।
খুলনায় আনন্দ মিছিল বের করেন আওয়ামীলীগ নেতা কর্মীরা।
এছাড়া লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজবাড়ী, দিনাজপুর, নড়াইল, ফেনীসহ দেশের অন্যান্য জায়গায়ও আনন্দ মিছিল হয়েছে।