ক্রীড়া খাতকে প্রাধান্য দিয়ে দেশে ৪৯০টি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলে।
একইসঙ্গে পিছিয়ে থাকা ফুটবল এবং হারিয়ে যাওয়া গ্রামভিত্তিক খেলাধূলার চর্চা বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দেন তিনি।
এ সময় ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে না যেতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালীন দেশের যুব ও ক্রীড়া খাতকে স্থবির করে রেখেছিল। তবে আওয়ামী লীগ খেলাধূলাকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
শেখ হাসিনা আরো বলেন, দেশে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার নতুন নতুন স্টেডিয়াম নির্মাণসহ খেলাধূলায় মেয়েদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ খেলাধূলায় এগিয়ে যাচ্ছে— উল্লেখ করে তিনি বলেন, এ উন্নয়নের ধারা ধরে রাখার জন্য গ্রামভিত্তিক খেলাধুলার প্রতি আরো মনোযোগ দিতে হবে।
এছাড়া দেশের বেকার যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।