রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সর্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেন।
এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বিএসইসি কর্তৃপক্ষ। পাঁচ সদস্যের অন্য কমিটিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে।
বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চৌধুরী বলেন, সংস্থার পরিচালক (অর্থ) সৈয়দ মোজাম্মেল হককে প্রধান করে গঠিত ৫ সদস্যের কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর মাহবুবুর রহমান বলেন, বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে দমকল গঠিত কমিটির প্রধান করা হয়েছে শেখ মিজানুর রহমানকে। আর কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, এ আগুন লাগার পেছানে নাশকতার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। আমাদের দলের নেতা মাহাবুবুর রহমান যিনি এ পত্রিকাটির সম্পাদক। দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছেন।
এর আগে বিএসইসি ভবনের ১১ তলায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগলে দমকল বাহিনীর ২০টিও বেশি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে।
জানা গেছে, ভবনের ১১তলায় দৈনিক আমার দেশে পত্রিকার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ বাণিজ্যিক ভবনে এনটিভি, আরটিভি ও আমার দেশের কার্যালয়ের অফিসসহ বিভিন্ন করপোটের অফিস রয়েছে। আগুন লাগার পর থেকে এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি।
২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এই ভবনে আগুন লেগে এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়, মৃত্যু হয় তিন জনের।