কৃষি জমি রক্ষা করেই নগরায়নের পরিকল্পিতভাবে নগর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
কৃষি জমি রক্ষা করেই নগরায়নের পক্ষে অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘আমিও চাই পরিকল্পনা করে আধুনিক ও সময়োপযোগী একটি নগর নীতিমালা প্রণীত হোক। তবে গ্রামের মানুষ যাতে শহরমুখী না হয় সেজন্য তাদের জীবনমান উন্নয়ন ও আবাসনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুক্রবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব নগররায়ন দিবস-২০১৪’ উপলক্ষে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন। সূত্র বাসস।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, জনবহুল এই দেশে আবাদযোগ্য কৃষি জমি না বাঁচিয়ে শুধু আবাসনের জন্য ওই জমির ব্যবহার করা হলে ভবিষ্যতে ফসল উৎপাদনের জমি পাওয়া যাবে না সব জমিই আবাসনে পরিণত হবে।
তিনি বলেন, কৃষি অর্থনীতি নির্ভর এই দেশে আবাদী জমি রেখেই নগরায়ন বাস্তবায়ন করতে হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ দেশের প্রতিটি পৌরসভা এলাকায় পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিটি পৌর এলাকায় পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করা হলে গ্রামাঞ্চলের মানুষ আর শহরমুখী হবে না।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. গোলাম রহমান, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক কে এম আব্দুস সালাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মজিবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দেশের বিভিন্ন জেলার ৪০ জন পৌর মেয়র, ৫২ জন কাউন্সিলর, বিভিন্ন পৌরসভার ৩২ জন সচিব ও ২২ জন প্রকৌশলী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ম্যাব’র সভাপতি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব মনজুর হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায়, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।
সংগঠনের মহাসচিব শামীম আল রাজী এ অনুষ্ঠান সঞ্চালন করেন।