রাজধানীসহ সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে— সকাল থেকে চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
দেশে এখন ৪ হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশে এখন বিদ্যুতের ঘাটতি নেই— বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, বিতরণ প্রতিষ্ঠানের সমস্যার কারণে বিচ্ছিন্ন কিছু জায়গায় এখনও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।
এ সময় তিনি আরো বলেন, 'জাতীয় গ্রিডে যে ধরণের বিপর্যয় ঘটেছিল, এতে অনেক সময় বিদ্যুৎ প্ল্যান্টের ক্ষতি হয়। কিন্তু গতকালের বিপর্যয়ে এমন কোনো ক্ষতি হয়নি। তবে এখনো যেসব এলাকায় ছোটোখাটো সদস্যা হচ্ছে, সেটি বিদ্যুতের ট্রান্সফরমারের কারণে হতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই জাতীয় গ্রিডে সমস্যা হলে সারাদেশ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। বিকেল ৪টার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কিছুক্ষণের মধ্যে তা আবারও বন্ধ হয়ে যায়। অবশেষে রাত ৪টা থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হতে থাকে।
এ সময়, এ পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি তার কোনো জবাব না দিয়ে মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে একটি টেকনিক্যাল অডিট কমিটিও করা হবে বলে এ সময় মন্ত্রী জানান। সেই সঙ্গে হাসপাতালসহ স্পর্শকাতর এলাকায় নিজস্ব ব্যাক আপ ব্যবস্থা গড়ে তুলতে কর্তৃপক্ষকে আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী