বাংলার মাটিতে সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জেলহত্যা দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ বিচারের রায় কার্যকর করে জাতিকে অভিশাপমুক্ত করা হবে। শহীদের রক্তে ভেজা মাটিতে কোনো যুদ্ধাপরাধীর ঠাঁই হবে না।
শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলার মাটিতে সব যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমার ওয়াদা। বিচারের রায় যা হয়েছে, তা কার্যকর করে বাংলার মাটিকে অভিশাপমুক্ত করব, ইনশাল্লাহ।’
যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করার জন্য বিএনপিকে দায়ী করে শেখ হাসিনা অভিযোগ করেন, পঁচাত্তরের পর হত্যা, ক্যু'র মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন জিয়াউর রহমান। অবৈধভাবে ক্ষমতা দখল করে গঠন করেছিলেন বিএনপি।
যুদ্ধাপরাধীদের মন্ত্রী করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন, আমরা তাদের বিচার করছি।’
যুদ্ধাপরাধের বিচারের প্রতিটি রায় কার্যকর করে দেশকে অভিশাপমুক্ত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
এ সময় তিনি অভিযোগ করেন, জিততে না পারার ভয়ে নির্বাচনে আসেনি বিএনপি। তাদের ভুলের খেসারত জনগণ দেবে না।
সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।