বিদ্যুৎ উৎপাদন ২০২১ সালের মধ্যে ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশে সোলার হোম সিস্টেমের সংখ্যা ৩০ লাখ অতিক্রম করায় গ্রিন এনার্জি এক্সপো হোম সিস্টেম শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ সক্ষমতা অর্জনে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন আর এ লক্ষে সরকার কাজ করছে।
২০০৯ সালে সরকার গঠনের সময় দেশে সোলার হোম সিস্টেমের সংখ্যা যেখানে ছিল ৩ লাখ, সাড়ে ৫ বছরের মাথায় তা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এখন সৌর বিদ্যুতের সুফল ভোগ করছে দেড় কোটি মানুষ বলে জানান শেখ হাসিনা।
প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য দূরীকরণে বিদ্যুতের ভূমিকার অন্যতম এক্ষেত্রে আঞ্চলিক ও উপ আঞ্চলিক সহযোগিতা জরুরি।
দেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির জন্যও কাজ করছে তার সরকার বলেও জানান শেখ হাসিনা।
পরে মাদারিপুরের শিবচর ইউনিয়নের জনগণের সঙ্গে সৌর বিদ্যুতের মাধ্যমে টেলিকনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে তার সরকার কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ১৯৯৭ সালে গঠিত হয়েছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এর অধীনে সরকারের বিকল্প জ্বালানি নীতির আওতায় স্থাপিত সোলার হোম সিস্টেমের সংখ্যা ৩০ লাখ অতিক্রম করায় তা উদযাপন করতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।