একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর করা হলে তা আইনপরিপন্থী হবে বলে জানিয়েছেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ— উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘বিচারটাকে আর্ন্তজাতিক মানের করতে হবে। একবার বলবেন আর্ন্তজাতিক ট্রাইব্যুনাল আবার বলবেন ডমেস্টক ট্রাইব্যুনাল, আর্ন্তজাতিক ট্রাইব্যুনালে কী করা হয়েছে? রায় কী সঠিক দেয়া হয়েছে কি না? সেটার দায়িত্ব আপিল বিভাগের এবং আপিল বিভাগ রায় দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন আমাদের দায়িত্ব এ আপিল বিভাগ যে বিভক্তিকরণ রায় দিয়েছে অর্থাৎ বিচারকরা এক মত হতে পারেননি এ রায়ে। সেইজন্য রিভিউ ফাইল করা হবে এবং আশা করছি রিভিউ ফাইল করলে আমাদের যে ক্লায়েন্ট রয়েছেন সে সুবিচার পাবেন।’
গত সোমবার মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে শেরপুরের জামাত-আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ।