প্রাকৃতিক ও মানব-সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্রাণ মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সজাগ থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক এবং মানুষের সৃষ্টি দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম উদাহরণ। একইসঙ্গে অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা করা হচ্ছে।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঘুর্ণিঝড়সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল। প্রাকৃতিক কিংবা মানব-সৃষ্ট দুর্যোগে সরকারকে লক্ষ্যচ্যুত করা যাবে না।
শেখ হাসিনা আরো বলেন, ভৌগলিক অবস্থানের কারণে ঘুর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, খড়া , নদীভাঙন, ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়েই বাংলাদেশের মানুষের বসবাস। এসব প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়-ক্ষতির পাশাপাশি গৃহহারা হয় লাখ লাখ মানুষ। সরকারের দাবি দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি আরো জোরালো হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
দেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকার মানুষের জন্য এরই মধ্যে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।