দেশের আকাশ ও নৌসীমার সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্জিত সমুদ্র সম্পদ রক্ষায় বিমান বাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
শনিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে বিমান বাহিনীকে একটি যুগোপযোগী চৌকশ বাহিনীতে পরিণতে সরকার কাজ করে যাচ্ছে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, আধুনিকায়নের ফলে বিমান বাহিনী দেশ ও জাতির কল্যাণে আরো বেশি অবদান রাখতে পারবে।
নৌবাহিনী ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতা, আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষায় অবদানের জন্য এই বিমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন তিনি।
ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সূবর্ণজয়ন্তীতে বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনী হিসেবে ঘোষণা করা হবে।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিমান বাহিনী বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।