যুদ্ধাপরাধী জামাত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখা সংক্রান্ত আপিল বিভাগের আদেশ এখনো কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, রায়ের কপি কারাগারে না পাঠানো পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা ঠিক হবে না।
শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপিল বিভাগ থেকে রায়ের কপি এখনো ট্রাইব্যুনালে পাঠানো হয়নি। সব ধরনের আইনী প্রক্রিয়া শেষ করে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। কামারুজ্জামানকে মৌখিকভাবে রায়ের কথা জানানো হলেও তাকে রায়ের লিখিত আদেশ দেয়া হয়নি।
কামারুজ্জামানের রায় কার্যকর করতেও আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।
এর আগে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সেমিনার শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেছিলেন, কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সময়সীমা এখনও শেষ হয়নি আর কাগজপত্রে জানাতে হবে এমন কোনো কথা নেই।
তিনি বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ৭ দিনের সময়সীমা এখনও শেষ হয়নি। জেলকোডের ৯৯১ ধারা অনুযায়ী সুপ্রিমকোর্টের রায় জানার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আসামিকে ৭ দিনের সময় দিতে হয়। সেটা কামারুজ্জামানকে দেয়া হয়েছে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।’