শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালে এ দিন সামরিক একনায়ক জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরোধী আন্দোলনে ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর পল্টন মোড়ে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটি পালন করেছে। সোমবার সকালে শহীদ নূর হোসেন চত্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।
স্বৈরাচার নিপাত যাক' / 'গণতন্ত্র মুক্তি পাক'- বুকে পিঠে এ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। গণতন্ত্র পূণর্জাগরণের মিছিলে জীবন্ত পোষ্টার হয়ে ছিলেন সবার আগে।
এরশাদের স্বৈরশাসকের তপ্ত বুলেট নূর হোসেনের শ্লোগান স্তব্ধ করে দিলেও তার আত্মত্যাগে তীব্রতর হয়ে ওঠে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেন শহীদ নূর হোসেন।
গণতন্ত্রের জন্য নূর হোসেনের আত্মত্যাগ স্মরণ করে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সবাই। শ্রদ্ধা জানাতে আসেন নূর হোসেনের পরিবারের সদস্যরাও।
শ্রদ্ধা জানান, আওয়ামী লীগ, বিএনপি, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। যে উদ্দেশ্যে নূর হোসেনের এ আত্মত্যাগ তা আজো পূর্ণতা পায়নি বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। গণতন্ত্রের পূর্ণতা দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
আজ আবারও গণতন্ত্র আজ অবরুদ্ধ, এমন মন্তব্য করেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।