পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের জঙ্গি-সম্পৃক্ততার বিষয়ে জানতে দেশটির গোয়েন্দা সংস্থা-এনআইএ বাংলাদেশে আসতে চেয়ে চিঠি দিয়েছে- তবে এখনো তা হাতে এসে পৌঁছেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তবে চিঠি পেলে তাদের আসার ব্যাপারে প্রস্তুত আছে সরকার একইসঙ্গে জঙ্গি সম্পৃক্ততা ও তৎপরতার বিষয়ে সার্বিক সহযোগিতা তাদের করা হবে।
জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর বাংলাদেশে নাশকতার হুমকি বিষয়ে জানতে চাইলে, আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে শাকিল আহমেদ ও স্বপন ওরফে সুবহান মণ্ডল নামে দু'জন নিহত হন। তারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবি'র একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ। ঘটনার পর গ্রেপ্তার হওয়া শাকিলের স্ত্রী রাজিয়া ও আহত আবদুল করিমের স্ত্রী আলিমা জেএমবি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গত ৬ অক্টোবর ভারতীয় গণমাধ্যমগুলোতে এ নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করা হয়। বিষয়টি নজরে আসলে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। যদিও ভারত এখনো পর্যন্ত কিছুই জানায়নি।