ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ আভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের
সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অভিযান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
অভিযানের প্রথম দিনে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। তবে, নিজেদের নিরাপত্তার স্বার্থে সাময়িক এ ভোগান্তিকে মেনে নিয়েছেন অনেকে।
সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা ও এতে মানুষের প্রাণহানীর ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজন হারে। এতে উদ্বেগ দেখা দেয় বিভিন্ন মহলে। প্রশ্ন ওঠে সড়কে চলাচলকারী গাড়ির ফিটনেস ও চালকেদের লাইসেন্স নিয়ে। বিভিন্ন গবেষণায় দেখা যায় দুর্ঘটনার জন্য দায়ী থাকে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকের বেপরোয়া গাড়ি চালানো।
এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ নভেম্বর বিশেষ অভিযান শুরু করেছে বিআরটিএ।
এতে হঠাৎ সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা দরকার বলে মনে করেন সাধারণ মানুষ।
মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে সাময়িকভাবে সাজা দেয়া হলেও এ প্রক্রিয়াতে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন, সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট।