আদালতের অবকাঠামো, জনবল সংকট এবং আসামিরা একাধিক মামলার সঙ্গে যুক্ত থাকায় একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার কাজ বিলম্ব— আগামী বছরের মধ্যেই মামলাটির নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ।
মঙ্গলবার বিকেলে সংসদীয় কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলাটি চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে তা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
গত ২০০৪ সালে একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সাড়ে আটশো জনকে আসামি করে মামলা করা হয়।
এগারো বছরেও মামলাটি নিষ্পত্তি না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে আদালতের অবকাঠামোগত সমস্যার পাশাপাশি জনবল সংকটকে প্রধান মনে করছে কমিটি।
এছাড়া বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৩১ লাখ মামলা অনিষ্পত্তি অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।